চলতি হজ মৌসুমে মক্কা ও পবিত্র স্থানগুলোতে পর্যটক ভিসাধারীদের অবৈধভাবে আশ্রয় ও সহায়তা প্রদান বন্ধ করতে সৌদি সরকার ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার এক কঠোর নির্দেশনা জারি করেছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ মৌসুমে যেসব ব্যক্তি পর্যটক ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থানের সুযোগ করে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি যদি হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসা বা অন্য কোনো আবাসনে তাদের আশ্রয় দেন কিংবা গোপনে থাকার সুযোগ করে দেন, তাহলে তার বিরুদ্ধে এই জরিমানা আরোপ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। কোনো ব্যক্তি একাধিক পর্যটক ভিসাধারীকে আশ্রয় বা সহায়তা করলে জরিমানার পরিমাণ সেই অনুপাতে বাড়বে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে হজ সংক্রান্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি হজযাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন করলে আইনগত শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে।
কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের বেতন-ভাতা!
প্রশ্ন ফাঁসের প্রচারণাটি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী