ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার জরিত প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করা ও ক্যাম্পাস সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শনিবার (২৫এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে চবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্যসহ ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিকরা অংশ নেন। এসময় উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের প্রতি হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, ঢাবির সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়; বরং এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক এবং কলঙ্কজনক ঘটনা হিসেবে থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি দেশের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব গড়ে ওঠে। তিনি বলেন, এই ঘটনায় ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা আশা করি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের গঠিত তদন্ত কমিটির মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঢাবি প্রশাসনও যেন অ্যাকাডেমিক ও প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
মানববন্ধনে চবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি আজিম সাগর বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদমাধ্যম। ছাত্রদল সেই স্তম্ভের ওপর হামলা চালিয়েছে, যা খুবই লজ্জাজনক কাজ। সাংবাদিকরা রাষ্ট্রের দর্পণ। পেশিশক্তির জোরে তাদের ওপর হামলা চালালে তা সাংবাদিক সমাজ কখনোই মেনে নেবে না। থানার ভেতরে গিয়ে সাংবাদিক মারধরের মতো দুঃসাহসিক কাজ ইতোপূর্বে কেউ করেনি। এই ঘটনায় অবশ্যই জড়িতদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ঢাকাসহ সারাদেশে বিভিন্ন সাংবাদিকদের উপর ছাত্রদল হামলা ও নির্যাতন শুরু করেছে। আপনারা যদি পেশিশক্তির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চান, তাহলে মনে রাখবেন আপনাদের পেশি শক্তি যদি হয় পাহাড় সমান, তাহলে সাংবাদিকদের কলমের শক্তি আকাশ সমান। আমরা আমাদের কলমের মাধ্যমে সকলের অন্যায়-অবিচার ও নির্যাতন বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবো। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সাবেক সেক্রেটারি মাহফুজ শুভ্র, সাবেক সহ-সভাপতি সুমন বাইজিদ, সদস্য রেদোয়ান আহমদ, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শামীম ।
