ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সঙ্গে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি টার্ম লোন চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষর হওয়া এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি এবং করপোরেট খাতে বাণিজ্য অর্থায়নের সক্ষমতা আরও জোরদার হবে।
চুক্তি অনুযায়ী, ওপেক ফান্ড প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে এই টার্ম লোন সুবিধা প্রদান করবে। ঋণের প্রাথমিক মেয়াদ এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানো যাবে। এই অর্থায়ন প্রাইম ব্যাংকের বাণিজ্য অর্থায়ন পোর্টফোলিওকে শক্তিশালী করবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের ব্যবসাগুলোকে স্থিতিশীল সহায়তা প্রদান করবে। গতকাল ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ প্রসঙ্গে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আব্দুলহামিদ আলখালিফা বলেন, ‘বাংলাদেশে এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসাগুলো কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখনো অনেক প্রতিষ্ঠান বাণিজ্য অর্থায়নে সীমাবদ্ধতার সম্মুখীন। প্রাইম ব্যাংকের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, রপ্তানি বৈচিত্র্য আনবে এবং দেশের বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে।
