শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট কমানোর লক্ষ্যে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে। একই উদ্দেশ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
গতকাল শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এহছানুল হক মিলন বলেন, অক্টোবরের মাঝামাঝি এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। যেমন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ভর্তি পরীক্ষা হচ্ছে। এতে করে কেবল ভর্তি প্রক্রিয়ার কারণেই শিক্ষার্থীদের প্রায় এক বছর সময় নষ্ট হয়ে যায়। এই দীর্ঘ বিরতির ফলে পড়াশোনায় বিঘœ ঘটে, যা আর চলতে দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, সরকার এখন থেকে ডিসেম্বর মাসকে পরীক্ষার মাস হিসেবে বিবেচনা করার পরিকল্পনা নিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, তাদের লক্ষ্য হচ্ছে দুই বছরের শিক্ষাক্রম যেন নির্ধারিত দুই বছরের মধ্যেই শেষ করা যায়। সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা নেওয়া হবে এবং তার পরপরই ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করা হবে এ লক্ষ্যেই কাজ চলছে।