ক্লেইম এক্সপার্ট পেশার সম্ভাবনা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৩ এএম

দেশে বীমার প্রচলন অনেক পুরনো হলেও, সাম্প্রতিককালে বীমা খাত ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। এক সময় বীমাকে অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত ব্যয় হিসেবে দেখা হতো। অনেকে মনে করতেন, এটি কেবল ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য অযথা অর্থ ব্যয়। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। এখন ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান প্রায় সব পর্যায়ে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব বাড়ছে। জীবন বীমা, স্বাস্থ্য বীমা কিংবা সম্পদ সুরক্ষাসহ সবক্ষেত্রে সচেতনতা তৈরি হয়েছে এবং মানুষ ক্রমেই ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত হচ্ছে। অথচ এই পুরো ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ এখনো অনেকটা দৃশ্যমান নয়। সেটা হচ্ছে, ক্লেইম এক্সপার্ট পেশা যা বীমা খাতের বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার মূল ভিত্তি হিসেবে কাজ করে। বীমা গ্রাহকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো, ক্লেইমের সময়। অর্থাৎ, সে যখন তার ক্ষতির জন্য কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে। এই সময়টিই নির্ধারণ করে দেয়, বীমা সেবার প্রকৃত মান। এই দাবি সঠিক কি না, কতটা ক্ষতি হয়েছে, কত টাকা দেওয়া উচিত এসব নির্ধারণ করে ক্লেইম এক্সপার্টরা। তাদের কাজের ওপর নির্ভর করে, বীমা কোম্পানির বিশ্বাসযোগ্যতা, গ্রাহকের সন্তুষ্টি এবং বীমা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা। একটি সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত যেমন কোম্পানির সুনাম বৃদ্ধি করে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ক্লেইম এক্সপার্টের কাজ কেবল কাগজপত্র যাচাই নয়; বরং এটি গভীর বিশ্লেষণধর্মী এবং দায়িত্বপূর্ণ পেশা। কোনো দুর্ঘটনা বা ক্ষতির ঘটনা ঘটলে, সংশ্লিষ্ট ব্যক্তি বীমা কোম্পানির কাছে ক্লেইম করে। এরপর সেই ক্লেইমের প্রতিটি দিক যাচাই করার দায়িত্ব পড়ে ক্লেইম এক্সপার্টের ওপর। তারা প্রথমে ঘটনাটির প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন কীভাবে দুর্ঘটনা ঘটেছে, কারা এতে জড়িত, ক্ষতির

প্রকৃতি কী এবং এর পেছনে কোনো অস্বাভাবিকতা আছে কি না? এসব তথ্য সংগ্রহের জন্য অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তি, প্রত্যক্ষদর্শী কিংবা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে হয়। অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে হয়, যা এই পেশাকে আরও বাস্তবমুখী করে তোলে। প্রাপ্ত তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে, তারা একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেন এবং ক্ষতিপূরণের সুপারিশ করেন। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, নিরপেক্ষতা। কারণ ক্লেইম এক্সপার্টকে একদিকে গ্রাহকের স্বার্থ, অন্যদিকে কোম্পানির আর্থিক স্বার্থ এই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে হয়। একটি ভুল সিদ্ধান্ত কোম্পানির বড় আর্থিক ক্ষতি করতে পারে, আবার অন্যদিকে একজন গ্রাহক তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। তাই পেশায় সততা, পেশাগত নৈতিকতা এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন, এই পেশা শুধুই ডেস্কভিত্তিক। বাস্তবে তা নয়। একজন ক্লেইম এক্সপার্টকে প্রায়ই মাঠ পর্যায়ে কাজ করতে হয়। উদাহরণস্বরূপ, একটি শিল্পকারখানায় অগ্নিকাণ্ড হলে,  কাগজপত্র দেখে শুধু ক্ষতির পরিমাণ বোঝা সম্ভব নয়। ঘটনাস্থলে গিয়ে মেশিনারি, কাঁচামাল ও অবকাঠামোর ক্ষতি পর্যবেক্ষণ করতে হয়। একইভাবে, মেরিন ইন্সুরেন্সের ক্ষেত্রে পণ্যবাহী জাহাজে গিয়ে ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র দেখতে হয়। আবার সড়ক দুর্ঘটনা, ভবন ধস বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সরেজমিনে তদন্ত অপরিহার্য হয়ে ওঠে। ফলে এই পেশায় ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের দেশে ক্লেইম এক্সপার্টদের জন্য কাজের ক্ষেত্র ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বর্তমানে তারা বিভিন্ন খাতে কাজ করার সুযোগ পাচ্ছেন। যেমন, জীবন বীমা কোম্পানি, সাধারণ বীমা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বীমা খাত, মেরিন ও কার্গো ইন্স্যুরেন্স, রি-ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদিতে। দেশের বীমা কোম্পানিগুলোতে নানা পদে কাজের সুযোগ রয়েছে এবং অভিজ্ঞতা অনুযায়ী পদোন্নতির সুযোগ তৈরি হয়। এছাড়া ভবিষ্যতে যদি আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ক্লেইম প্রসেসিং ও সাপোর্ট সেন্টার স্থাপন করে, তাহলে এই পেশার পরিসর আরও বৃদ্ধি পাবে এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।  বাংলাদেশে ক্লেইম এক্সপার্ট পেশার চাহিদা বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, বীমা খাতের বিস্তার। দেশে নতুন নতুন বীমা কোম্পানি গড়ে উঠছে এবং বিদ্যমান প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম বাড়াচ্ছে। ফলে ক্লেইম ব্যবস্থাপনা আরও জটিল হয়ে উঠছে। দ্বিতীয়ত, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য বীমার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, যার ফলে ক্লেইমের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তৃতীয়ত, কর্পোরেট ঝুঁকি ব্যবস্থাপনা। বড় বড় প্রতিষ্ঠান এখন তাদের সম্পদ, প্রকল্প ও কর্মীদের জন্য বীমা করছে, যার ফলে বড় অঙ্কের ক্লেইম পরিচালনার জন্য দক্ষ বিশেষজ্ঞ প্রয়োজন হচ্ছে। চতুর্থত, ডিজিটাল রূপান্তর। এখন অনেক ক্লেইম অনলাইনে জমা দেওয়া হয় এবং ডিজিটালভাবে যাচাই করা হয়। ফলে ডেটা বিশ্লেষণ, সফটওয়্যার ব্যবহারে দক্ষতা এবং প্রযুক্তিনির্ভর কাজের অভিজ্ঞতা থাকা ক্লেইম এক্সপার্টদের চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে গ্রাহক প্রত্যাশার পরিবর্তন, ক্লেইম এক্সপার্টদের কাজকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আগে যেখানে গ্রাহকরা দীর্ঘ সময় অপেক্ষা করাকে স্বাভাবিক মনে করতেন, এখন তারা দ্রুত ও স্বচ্ছ সেবা প্রত্যাশা করেন। ডিজিটাল যুগে মানুষ তাৎক্ষণিক আপডেট, অনলাইন ট্র্যাকিং এবং পরিষ্কার ব্যাখ্যা চায়। ফলে ক্লেইম এক্সপার্টদের শুধু তদন্ত করলেই হয় না, বরং গ্রাহককে পুরো প্রক্রিয়া সম্পর্কে অবহিত রাখা এবং একটি ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পেশাকে আকর্ষণীয় করে তুলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। প্রথমত, এটি একটি স্থিতিশীল ক্যারিয়ার। বীমা খাত অর্থনীতির একটি দীর্ঘমেয়াদি খাত হওয়ায় এখানে চাকরির নিরাপত্তা তুলনামূলকভাবে বেশি। দ্বিতীয়ত, দক্ষতার ভিত্তিতে উন্নতির সুযোগ রয়েছে। একজন জুনিয়র পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে সিনিয়র এক্সপার্ট, ম্যানেজার কিংবা কনসালটেন্ট পর্যায়ে পৌঁছানো সম্ভব। তৃতীয়ত, কাজের বৈচিত্র্য রয়েছে। প্রতিটি ক্লেইম আলাদা এবং প্রতিটি তদন্ত নতুন অভিজ্ঞতা এনে দেয়, যা একঘেয়েমি দূর করে। চতুর্থত, আন্তর্জাতিক সুযোগ রয়েছে। এই পেশায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে বিদেশে কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

এই পেশায় প্রবেশের জন্য সাধারণত ফাইন্যান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স বা ব্যবসায় প্রশাসনে ডিগ্রি প্রয়োজন হয়। তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই যথেষ্ট নয়। কিছু নির্দিষ্ট দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষণী চিন্তা এই পেশার মূল ভিত্তি। একটি ক্লেইমের সত্যতা যাচাই করতে হলে, তথ্য বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত নিতে হয়। যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করতে হয়। রিপোর্ট লেখার দক্ষতা প্রয়োজন, কারণ প্রতিটি ক্লেইমের জন্য বিস্তারিত ও পেশাদার রিপোর্ট তৈরি করতে হয়। এ ছাড়া সময় ব্যবস্থাপনা, আইনি জ্ঞান, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, নৈতিকতা ও পেশাগত সততা এই পেশার অন্যতম ভিত্তি। একটি ক্লেইম অনুমোদন বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত অনেক সময় বড় আর্থিক প্রভাব ফেলে। তাই কোনো ধরনের পক্ষপাত, দুর্নীতি বা অবহেলা পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। একজন দক্ষ ক্লেইম এক্সপার্ট সবসময় প্রমাণ, যুক্তি এবং নীতিমালার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করাও গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন। উন্নত দেশগুলোতে ক্লেইম এক্সপার্টদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেশন রয়েছে, যা তাদের দক্ষতা ও গ্রহণযোগ্যতা বাড়ায়। বাংলাদেশেও ধীরে ধীরে এই ধরনের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করা প্রয়োজন। নিয়মিত প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে একজন ক্লেইম এক্সপার্ট তার দক্ষতা আরও উন্নত করতে পারেন এবং জটিল ক্লেইম ব্যবস্থাপনায় পারদর্শী হয়ে উঠতে পারেন। একই সঙ্গে, আন্তঃবিভাগীয় সমন্বয়ও এই পেশার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ক্লেইম প্রক্রিয়াকরণে অনেক সময় আইন বিভাগ, টেকনিক্যাল টিম, চিকিৎসক, প্রকৌশলী কিংবা বাহ্যিক তদন্তকারীদের সঙ্গে সমন্বয় করতে হয়। ফলে একজন ক্লেইম এক্সপার্টকে দলগতভাবে কাজ করার মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলিও অর্জন করতে হয়।

দেশে বীমা খাত এখনো পুরোপুরি বিকশিত হয়নি, ফলে এই খাতে প্রবৃদ্ধির সুযোগ অনেক বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালাইসিস এবং অটোমেশন এই পেশার সঙ্গে গভীরভাবে যুক্ত হবে, যা কাজের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। তবে এই পেশায় কিছু চ্যালেঞ্জও রয়েছে, যা উপেক্ষা করার সুযোগ নেই। কাজের চাপ অনেক সময় বেশি থাকে, বিশেষ করে যখন একসঙ্গে অনেক ক্লেইম পরিচালনা করতে হয়। গ্রাহকের সঙ্গে মতবিরোধ একটি সাধারণ বিষয়, কারণ প্রত্যেকে তার দাবিকে সর্বোচ্চ প্রমাণ করতে চায়। জাল ক্লেইম শনাক্ত করা একটি বড় চ্যালেঞ্জ, যা দক্ষতা, অভিজ্ঞতা এবং সতর্কতা দাবি করে। এছাড়া মাঠপর্যায়ে কাজ করার সময় শারীরিক ঝুঁকি বা অনিশ্চয়তার মুখোমুখিও হতে হতে পারে। ‘জাতীয় বীমা নীতি ২০১৪’ বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য এই কর্র্তৃপক্ষ কাজ করছে। যার মধ্যে একজন চেয়ারম্যান এবং চারজন সদস্য, কয়েকজন নির্বাহী পরিচালক এবং পরিচালক রয়েছেন, যারা কর্র্তৃপক্ষের বিভিন্ন কার্য সম্পাদন করেন। বীমাকারী, পুনঃবীমা প্রদানকারী, মধ্যস্থতাকারীর নিবন্ধন এবং সার্টিফিকেট প্রদান এবং নবায়ন, সংশোধন, অপসারণ স্থগিত বা এই ধরনের নিবন্ধন বাতিল করা ইত্যাদি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষের কাজের ভেতর অন্যতম কাজ।  বীমা প্রতিষ্ঠানের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত, নতুন নীতিমালা তৈরি, তহবিল ও বিনিয়োগ নিয়ন্ত্রণ, সলভেন্সি মার্জিন রক্ষণাবেক্ষণ এবং প্রস্তাবিত প্রিমিয়াম হার নির্ধারণ, বীমা প্রদানকারীকে সুবিধা প্রদান, বিরোধ বা দাবি নিষ্পত্তি এবং অ্যাকচুয়ারিয়াল রিপোর্ট তৈরির পদ্ধতি প্রদান করা হলো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্র্তৃপক্ষের প্রধান দায়িত্ব। বাংলাদেশে ক্লেইম এক্সপার্ট পেশা অনেকটা আড়ালে থাকলেও, এর গুরুত্ব দিন দিন বাড়ছে। বীমা খাত যত বিস্তৃত হবে, এই পেশার প্রয়োজনীয়তা তত বৃদ্ধি পাবে। যারা বিশ্লেষণধর্মী কাজ পছন্দ করেন, বাস্তব সমস্যার সমাধান করতে আগ্রহী এবং একটি স্থিতিশীল কিন্তু চ্যালেঞ্জিং ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ক্লেইম এক্সপার্ট পেশা হতে পারে সম্ভাবনাময় ভবিষ্যতের পথ। এটি শুধু একটি চাকরি নয়, বরং দায়িত্ব, ন্যায়বিচার এবং পেশাগত দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ পেশা।

লেখক: ব্যাংক কর্মকর্তা ও লেখক

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত