কালবৈশাখী ঝড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন (৪৫) উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশেই ছোট একটি ঘর তুলে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল রেইনট্রি কড়ি গাছ উপড়ে তার ঘরের ওপর ভেঙ্গে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর অসহায় অবস্থায় রাস্তার পাশেই ঘর তুলে বসবাস করছিলেন নাসিমা খাতুন। হঠাৎ ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙ্গে পড়ে এই প্রাণহানি ঘটে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) রূপকর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট নুসরাত তাবাসসুমের