ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামে দুই নারীসহ তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে, ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় অন্য দুই প্রতিবেশী ঠেকাতে আসলে তাদের একজনকেও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার সময় অপর আরেকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, হত্যাকারী আকাশের ফুপু রাহেলা বেগম (৪৫), তার দাদী আমেনা বেগম (৭০) ও প্রতিবেশী কাবুল আহমেদ (৪০)। কাবুল আহমেদ ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক ছিলেন।
আমিন হোসেন আলিয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, রাত দশটার দিকে খবর পেয়ে ওই বাড়ির উঠানে গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখি। ঘাতক আকাশ পালিয়ে গেছে। তবে কি কারনে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত ব্যক্তির নাম
রিয়াজুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের সিদ্দিক বাবুর্চির ছেলে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক আকাশকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।