দৌলতপুরে সেই ‘পীর’ হত্যায় দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০১:০০ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই যুবক ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) এবং একই এলাকার রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)। ঘটনার দিন পীরের দরবারে হামলার সময়ে ধারণকরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানা পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দুই যুবক বিপ্লব হোসেন ও আলিফ ইসলামকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তারেদ অবস্থান নিশ্চিত করে সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তবে মামলার এজাহারে তাদের নাম অন্তর্ভূক্ত না থাকলেও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে পীর হত্যায় গ্রেপ্তার হওয়া দুই যুবককে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

এরআগে গত ১১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দিয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে শতাধিক মানুষ পীর শামীম জাহাঙ্গীরের আস্তানায় বা দরবারে হামলা চালায়।

এসময় রাজিবসহ হামলাকারী যুবকরা পীর শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দোতলা থেকে তাকে নীচে ছুড়ে ফেলে। এরপর হামলাকারীরা সংঘবদ্ধভাবে আস্তানায় আগুন জ্বালিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাটের তাণ্ডব চালায়।

ঘটনার ৩ দিন পর ১৩ এপ্রিল রাতে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় ৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৮০-২শ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলাটি নানাভাবে রাজনৈতিক প্রভাবের চাপের মধ্যেই ঘটানার ১৫ দিন পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত