মেয়র শাহাদাত বললেন

২০২৯ সাল পর্যন্ত আমার মেয়াদ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম

আদালতের আদেশ মতে, ২০২৯ সাল পর্যন্ত নিজের মেয়াদ রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আমি পাঁচ বছরের জন্য মেয়র, এক-দেড় বছরের জন্য নই। বর্তমান মেয়রের মেয়াদকাল নিয়ে চলমান নানা সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ডা. শাহাদাত এসব কথা বলেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমের সঙ্গে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন। নির্বাচন কমিশন ওই সময় রেজাউল করিমকে বিজয়ী ঘোষণা করেন এবং মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি পরিষদের প্রথম সাধারণ সভা করেন। পরে ডা. শাহাদাত হোসেন নির্বাচনে নানা অনিয়ম, ফলাফলে কারচুপির অভিযোগ এনে তা বাতিল চেয়ে আদালতে মামলা করেন। ২০২৪ সালের ১ অক্টোবর ওই মামলার রায়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন বিচারক। আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে ওই বছর ৩ নভেম্বর শাহাদাত মেয়র হিসেবে শপথগ্রহণ করেন। রেজাউল করিমের প্রথম সাধারণ সভা থেকে হিসাব করলে গত ২২ ফেব্রুয়ারি ৫ বছর পূর্ণ এবং করপোরেশনের পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা।

ডা. শাহাদাত এ প্রসঙ্গে বলেন, মামলায় আদালতের যে আদেশ রয়েছে, তাতে নির্বাচন বাতিল এবং আমাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কাজেই আমি তো পাঁচ বছরের জন্য মেয়র, এক-দেড় বছরের জন্য নই। এটা তো এমন নয় যে, কেউ হঠাৎ করে মারা গেছেন, সে জন্য উপনির্বাচন হয়েছে। আমি তো একটা পূর্ণ নির্বাচনের প্রার্থী ছিলাম। যেখানে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, রেজাউল করিম যে আমার সাড়ে তিন বছর খেয়ে ফেলেছে, এটা তো আমার ন্যায্য অধিকার। এই অধিকার থেকে তো কেউ বঞ্চিত করতে পারবে না। আমার মেয়াদ তো ১৬ মাস নয়। রেজাউল করিমের প্রথম সভা আমার প্রথম সভা নয়। আমার প্রথম সভা ২০২৪ সালের ১১ নভেম্বর।

ডা. শাহাদাত বলেন, তারপরও আমি বারবার বলেছি নির্বাচনের ঘোষণা এলে আমি পদত্যাগ করব। আমি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। কারণ এটা আমার সন্তুষ্টির একটি বিষয়। আমি ৪০ বছর ধরে রাজনীতি করে আসছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত