গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি বাঁশের সাঁকোর মুখে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্তত ৩২টি পরিবার। ভুক্তভোগীরা এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় স্বপন শরীফ, রমজান শরীফসহ কয়েকজন মিলে এই পথটি রুদ্ধ করে দিয়েছেন। এতে ৩২টি পরিবারের প্রায় ৩০০ মানুষ এখন নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন।
অভিযুক্তদের দাবি, এই জমির মালিকানা তাদের। ইতিপূর্বে এই জায়গায় ইউনিয়ন পরিষদের রাস্তা নির্মাণের কথাটি স্বীকার করলেও বর্তমানে চলাচলের রাস্তা দিতে রাজি নন তারা।
ঘটনার পর স্থানীয় রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে পরিদর্শন করে মেম্বারদের বিষয়টি মীমাংসার দায়িত্ব দিলেও তাতে কর্ণপাত করেনি অভিযুক্তরা ।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার জানান, বিষয়টি তিনি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি বারবার জনগণের চলাচলের এই রাস্তাটি বন্ধ করতে নিষেধ করেছেন বলেও জানান। ভুক্তভোগী এই ৩২টি পরিবার এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সীতারামপুর গ্রামবাসীর।
