‘শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে’ 

আপডেট : ০১ মে ২০২৬, ০৫:০৮ পিএম

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এ জন্য ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে এবং এই দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

শুক্রবার (১ মে) পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত স্বৈরাচারী সরকারের জনপ্রতিনিধিরা পিরোজপুরে শ্রমিকদের কর্মসংস্থানের জন্য কোন পদক্ষেপ নেয়নি। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল। যেকারণে প্রাথমিকভাবে আমরা ছোট ছোট শিল্প কারখানা স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যাতে এই এলাকার শিক্ষিত বেকার তরুন তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হয়।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবন মান উন্নয়নে বদ্ধপরিকর। শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও পিরোজপুর জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।

এদিকে মহান মে দিবস উপলক্ষে সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো জড়ো হয়। পরে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, পুলিশ সুপার মঞ্জুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত