ত্রাণমন্ত্রী

‘উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:০৪ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা ও অর্থনীতিতে আমূল পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। শনিবার (২ মে) সকালে লালমনিরহাটে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠানে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাট একসময় মঙ্গাপীড়িত ও পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ এখানে মহাকাশ গবেষণার মতো উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অত্র এলাকায় যোগাযোগ অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার সৃষ্টি হবে, তাতে স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বেড়ে যাবে।

​বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নিজস্ব স্যাটেলাইট ও উন্নত বিমান প্রযুক্তি।  তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন 'SPACE & BEYOND'-এর মোড়ক উন্মোচন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

​উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ৩ জুলাই ২০২২ থেকে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ৪টি অনুষদের অধীনে এখানে ৯টি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পরিচালিত হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত