যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ফিরল দেশে

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫০ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ দেশে ফিরেছে। গতকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে লিমনের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় নিহতের আত্মীয়-স্বজনরাও উপস্থিত ছিলেন। লিমনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। তাদের আহাজারিতে বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে। একই ঘটনায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

লিমনের মামা মর্তুজা শেখ জসিম জানান, ‘মরদেহ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে মাগরিবের নামাজের পর লিমনের জানাজা শেষে দাফন করা হবে। তারা মার্কিন সরকার ও বাংলাদেশ সরকারের কাছে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানান। এদিকে শাহজালাল বিমানবন্দরে লাশ গ্রহণ শেষে দুই শিক্ষার্থী হত্যার বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, যাতে এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিহত অন্য শিক্ষার্থী বৃষ্টির লাশও দেশে আনার প্রক্রিয়া চলছে। নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে থাকবে সরকার।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন একই ইউনিভার্সিটির শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, লিমনের মরদেহ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত বৃহস্পতিবার টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ৬ মে (বুধবার) দুপুর ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লিমনের মরদেহে কোনো কাপড় ছিল না এবং মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে একই এলাকার কাছে ম্যানগ্রোভ অঞ্চল থেকে আরও কিছু খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত