সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত ৭, আহত ৯

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৫১ এএম

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবীসহ সাতজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন সাতজন। এর মধ্যে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী আইনজীবীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যানচালক নিহত হন। এতে আহত হয়েছে আরও সাতজন। পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হন। দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

ময়মনসিংহ : গতকাল সোমবার দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী আইনজীবীসহ চার যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা হলেন ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১)। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের নান্দিনা এলাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার চালক ও অপর এক পুরুষ যাত্রী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে থাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। গতকাল সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা অপর ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি রবিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় পৌঁছলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি।

ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে  মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, রবিবার রাতে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে জনৈক রাসেল নামে এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিল সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মাসুদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত