রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং এলাকায় দোকান কর্মচারীকে কুপিয়ে দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাপাতির কোপে কর্মচারী হৃদয়ের (২৩) বাম হাত জখম হয়। পরে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় যান।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিং অ্যাভিনিউ-২ এ আয়েশা টেলিকম দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হৃদয় জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি দোকান খুলতে আসেন। তার ব্যাগে নগদ দুই লাখ টাকা আর তিনটি মোবাইল ফোন ছিল। পাশের একটি দোকানে চা খেতে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যে একটি অটোরিকশায় দুজন এসে তার পাশে বসে কথা বলতে থাকে। এ সময় চাপাতি দেখিয়ে তার ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে ব্যাগ নিয়ে অটোরিকশায় চলে যায়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক টিম গুরুত্ব সহকারে কাজ শুরু করেছে।
