চট্টগ্রাম আইনজীবী সমিতি

মনোনয়নপত্র সংগ্রহের সময় দুই পক্ষের উত্তেজনা

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:০১ এএম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে মনোনয়নপত্র সংগ্রহের সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সমর্থিত আইনজীবীরা তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগবিত-া ও হট্টগোলের সৃষ্টি হয়। গতকাল সোমবার বিকেলে আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করতে হয় অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশিদের নেতৃত্বে আইনজীবীরা বার লাইব্রেরিতে প্রবেশের চেষ্টা করলে প্রবেশমুখেই তাদের থামিয়ে দেওয়া হয়। তবে বিএনপি-সমর্থিত আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। পরে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে সেøাগান দেন।

এ বিষয়ে অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, ‘নির্ধারিত সময়ে এসেও আমরা লাইব্রেরি মিলনায়তনে ঢুকতে পারিনি। অথচ একটি পক্ষ আগে থেকেই ভেতরে ছিল এবং তারা ফরম সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেও তিনি ধরেননি।’

এ প্রসঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। তাই তাদের অংশগ্রহণের সুযোগও নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত