রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

আপডেট : ০৭ মে ২০২৬, ০২:০২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় স্বাধীন (২২) নামে এক বাক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত স্বাধীন সিরাজগঞ্জ সদর থানার গাড়ুদহ গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। স্বাধীন ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের মো. শুকুর আলীর নাতি। তিনি দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বসবাস করছিলেন। 

স্থানীয়রা জানায়, এদিন বিকেলে স্বাধীন রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রিফাত এন্টারপ্রাইজের একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত