ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সন্ত্রাসী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দৌলতখান থানার চর মদনপুর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস ভোলা। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. লোকমান মেম্বারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় আসামি পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এছাড়া এর আগেও গত ২৫ এপ্রিল ২০২৫ সালে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ আটক হয়েছিল লোকমান মেম্বার। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতখান থানায় হস্তান্তরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হজ বিধি লঙ্ঘন করায় মক্কায় গ্রেপ্তার ১০