যশোরে দোকানের জন্য ঘর ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা। এদিকে এ হত্যাকান্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরেই বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ তার বাড়ির সামনে আনিছুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
