শিক্ষিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই: এমপি হাজী মুজিব

আপডেট : ০৯ মে ২০২৬, ০৫:১৪ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধময় সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সরকারের পাশাপাশি প্রবাসীরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি শিক্ষিত ও সমৃদ্ধময় কমলগঞ্জ গড়া সম্ভব হবে।

শনিবার (৯ মে ) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ, মেধা বৃত্তি প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান আরও বলেন, কমলগঞ্জের একটি বড় অংশ বিদেশে অবস্থান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নন, তারা এলাকার উন্নয়নেও বড় অংশীদার। তারা যদি মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় আরও সক্রিয় হয়, তবে কমলগঞ্জের কোনো শিক্ষার্থী অর্থাভাবে ঝরে পড়বে না। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. সামছুন নাহার পারভীন, জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপি'র আহ্বায়ক সোয়েব আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন, জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা সরকার ও যুক্তরাজ্য প্রবাসী মোশারফ হোসেন শায়েক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও অর্ধ শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত