ইন্দোনেশিয়ায় ৩ শতাধিক বিদেশি নাগরিক আটক

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:৪২ এএম

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে তিন শতাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই ভিয়েতনামের নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শনিবার রাজধানী জাকার্তা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। জুয়া পরিচালনা, এতে অংশ নেওয়া কিংবা অনলাইনে জুয়াসংক্রান্ত প্রচার চালানোর জন্যও শাস্তির বিধান রয়েছে। পুলিশ জানিয়েছে, জাকার্তার একটি ভবনে অভিযান চালিয়ে ৩২১ বিদেশিকে আটক করে। এ সময় মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করা হয়।

আটকদের মধ্যে ভিয়েতনামের নাগরিক ২২৮ জন। এ ছাড়া ৫৭ জন চীনা, ১১ জন লাওসের, পাঁচজন থাইল্যান্ডের এবং তিনজন করে কম্বোডিয়া ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা উইরা সাতিয়া ত্রিপুত্র। তিনি জানান, আটক ২৭৫ জনের বিরুদ্ধে জুয়া ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। উইরা বলেন, আমরা অভিযুক্তদের হাতেনাতে ধরেছি। তারা অনলাইন জুয়া কার্যক্রম পরিচালনা করছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় দুই মাস আগে শুরু হওয়া এই চক্রটি ইন্দোনেশিয়ার বাইরের মানুষদের লক্ষ্যবস্তু বানাতো। তবে কোনো কোনো দেশের মানুষ প্রতারণার শিকার হয়েছেন, তা উল্লেখ করেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত