ফেনী সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা 

আপডেট : ১০ মে ২০২৬, ০২:৩৬ পিএম

ফেনী সীমান্তে পুশইন, অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনকে গিরে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ফেনীর ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ৪ বিজিবির (ফেনী ব্যাটালিয়ন) পক্ষ থেকে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা নিবিড় নজরদারি চলছে।

অনুপ্রবেশের পাশাপাশি মাদক, গবাদিপশু ও ভারতীয় পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত মোবাইল ও ফুট পেট্রোলিং এবং বিশেষ অভিযান পরিচালনা করছেন বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ কঠোরভাবে দমনে বিওপি এবং টহল দলগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে আনুষ্ঠানিক ওই বার্তায় জানানো হয়। 

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা অবৈধ কার্যক্রমের তথ্য পেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়।

ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান, টহল ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত