ইরানি জাহাজ ধ্বংসের এআই ছবি শেয়ার করলেন ট্রাম্প

আপডেট : ১০ মে ২০২৬, ০২:২৭ পিএম

ইরানের সঙ্গে শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবি শেয়ার করেছেন, যেখানে ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ দেখানো হয়েছে।

ট্রাম্প তার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত ছবিতে দাবি করেছেন, এতে '১৫৯টি ইরানি জাহাজ' দেখানো হয়েছে। ছবির এক অংশে সাবেক মার্কিন প্রশাসনকে ইঙ্গিত করে 'ওবামা/বাইডেন' লেখা দেখা যায়, যেখানে জাহাজগুলো তখন সমুদ্রপৃষ্ঠে ভাসমান অবস্থায় রয়েছে।
 
অন্য অংশে একই জাহাজগুলোকে ডুবে যেতে দেখা যায় এবং সমুদ্রের তলদেশে ধ্বংসাবশেষ পড়ে আছে, যার ওপরে লেখা রয়েছে 'ট্রাম্প'। এই পোস্টের মাধ্যমে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার বার্তা আবারও তুলে ধরেছেন। তিনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, ইরানি নৌ ও ক্ষেপণাস্ত্র শক্তিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুর্বল করতে সক্ষম। 

যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সামনে ১৪ দফা একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করেছে। এতে ১০ থেকে ২০ বছরের জন্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিতের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল ও আটকে থাকা অর্থ ছাড়ের কথা উল্লেখ রয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ মিত্রদের মধ্যেই সমালোচনা দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে “অতিরিক্ত ছাড়” হিসেবে অভিহিত করেছেন, আবার কেউ আরও কঠোর শর্ত আরোপের আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরান এখনো আলোচনায় নতি স্বীকারের কোনো ইঙ্গিত দেয়নি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যু নিয়েও উত্তেজনা অব্যাহত রয়েছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়ছে এবং তেলের দামেও ওঠানামা দেখা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত