ফের দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

আপডেট : ১০ মে ২০২৬, ০৩:২০ পিএম

দক্ষিণ আফ্রিকায় ফের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানা যায়নি। এরআগে গত ৫ই ডিসেম্বর নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে মির্জাপুরের আমিনুল সিদ্দিকী নামে আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে আফ্রিকায় নিজ গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত ওই যুবকের নাম সুমন মিয়া (৩৫) বলে জানা গেছে। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। গত ৩ বছর পূর্বে বাংলাদেশে এসে বিয়ে করেন। তার ঘরে ২ বছরের পুত্র সন্তান রয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিলো। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত