আওয়ামী লীগের বিচারে সরকার আপস করেছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন ‘সরকার আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হয়েছে। আমরা বলেছি বিএনপি ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। গত ১৬ বছরেও তারা ব্যর্থ হয়েছে। বিএনপি বড় দল হতে পারে, কিন্তু তারা হলো আপসকামী দল।’ তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।
নাহিদ ইসলাম দিনাজপুর জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির সারজিস আলম, ড. আতিক মুজাহিদ এমপি, সাদিয়া ফারজানা দিনা, ডা. কামরুল ইসলাম দর্পন, মোশারফ হোসাইন প্রমুখ।
নাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হলেও তার দলের বেশির ভাগ নেতা আপসকামী। বিএনপির মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তাদের অনেকেই আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আপস করে চলেছে এমন রয়েছে। বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। তাদের ঠেকাতে সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকতে হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা মাঠে থাকব।’
বিরোধীদলীয় চীফ হুইপ বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের সামনে দৃশ্যমান রয়েছে। এই সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদত্যাগের দাবি জানাচ্ছি। তিনি দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। খুনি, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। যদিও তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বলেছিল, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু নির্বাচিত সরকার আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্তরায় বিএনপি নিজেই।