শাপলা গণহত্যা দেশে বড় ক্ষত তৈরি করেছে : নাহিদ

আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শাপলা গণহত্যা বাংলাদেশে বড় ক্ষত তৈরি করেছে। শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাইয়ে গণহত্যা হতো না।’ একই সঙ্গে শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ‘শাপলা গণহত্যা : বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শাপলা গণহত্যাকে অনেকে সমর্থন করেছে, সাফাই গাইছে। হেফাজতের ১৩ দফা দাবি আপনি সমর্থন করতে পারেন অথবা না-ও করতে পারেন। কিন্তু দাবি নিয়ে আসা জনগণের ওপর কোনো গণহত্যা চালানো সমর্থন করতে পারেন না।’

ওই সময় আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে। তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।’

আওয়ামী লীগ মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে চিত্রিত করত উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘মাদ্রাসার ছাত্রদের জঙ্গি হিসেবে চিত্রিত করা, বিশ্ববিদ্যালয়ের দাড়ি-টুপিওয়ালাদের শিবির বলা হতো। আমরা এসব আর মেনে নেব না। এ দেশের সব আন্দোলনে, মুক্তির লড়াইয়ে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদান জাতীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত