ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে চার কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা পেয়েছেন।
দলটির নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলনে আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন খরচ হিসেবে এ ব্যয় দেখানো হয়েছে।
