চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামে একটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বরঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাতব্বরঘাটের মোস্তফা অয়েল সাপ্লাইয়ার নামক দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল পাওয়া যায়। ময়লাযুক্ত জ্বালানি তেল মজুদ রাখার দায়ে দোকানদার মোহাম্মদ তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই বিচারিক হাকিম।
