লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:৫৩ এএম

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এদের মধ্যে দুটি শিশুসহ আটজন রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননের মধ্যে সংযোগকারী এক প্রধান মহাসড়কে ইসরায়েলের তিনটি ড্রোন হামলায় নিহত হন। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি দক্ষিণ লেবাননের টায়ার থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও লড়াই শুধু বেড়েই চলেছে; পুরো টায়ার জেলায় মাত্র তিনটি হাসপাতাল অক্ষত আছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। দক্ষিণ লেবাননের একটি অংশ দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে ও দখলদার বাহিনীর সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ‘হিজবুল্লাহ’। এই সশস্ত্র রাজনৈতিক সংগঠনটি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আলোচনার বিরোধিতা করে। এর আগে, বুধবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ছয়টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা শিগগিরই এই গ্রামগুলোর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে বলে সতর্ক করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত