রংপুরে বিরোধীদলীয় নেতা

গণভোটের রায় বাস্তবায়নে সংসদে লড়াই চালিয়ে যাব

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:৫৩ এএম

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের পক্ষে দেশের মানুষ রায় দিয়েছে। সরকার সেই গণভোটের রায়কে অপমান-অগ্রাহ্য করেছে। গণভোটের রায়কে বাদ দেওয়া বা পরিত্যক্ত ঘোষণা করতে দেওয়া হবে না। আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদ ও সংসদের বাহিরে লড়াই চালিয়ে যাব।’ গতকাল শুক্রবার বিকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বর্তমান সরকার গণভোটকে আগ্রাহ্য করার পাশাপাশি বিতর্কিত মানুষকে আমানতের জায়গায় বসিয়েছে। ৪২ জেলায় প্রশাসক বসিয়েছে।’ তিনি প্রশ্ন করে বলেন, একটি গণতান্ত্রিক উপায়ে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, তখন কেন দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে? তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় নির্বাচন করে যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদেরকে বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। এটি জনগণের সঙ্গে এক ধরনের তামাশা।’

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা হলেও সেখানে দলীয় অনুগত লোকজনকে ভিসি, প্রো-ভিসি, প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।’ স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করব।’

এর আগে সকাল ৯টায় একদিনের সফরে রংপুর আসেন জামায়াত আমির। সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার দেয় মহানগর পুলিশ।  সেখান থেকে রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে যোগ দেন। আমির সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘মনে রাখবেন এর আগে কখনও আপনারা (জামায়াত) ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেনÑ এটা কেউ মনে করতেন না। মনে করতেন একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমকূপও সার্চলাইটের বাইরে থাকবে না।’ তিনি গণভোটের রায় বাস্তবায়নে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

আমির সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, অঞ্চল পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপি বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত