স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। দুদেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গতকাল রবিবার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষুশিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত চক্ষুশিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএসের চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক রোগী ও সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই চক্ষুশিবিরে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
