নতুন সচিব বললেন

দুদককে জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৩ এএম

ইমেজ সংকট কাটিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে চান বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত সচিব মো. সাইদুর রহমান খান। গতকাল রবিবার দুদক মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক সচিব বলেন দুর্নীতি প্রতিরোধ, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কোনো নির্দিষ্ট ক্ষমতাসীন দলের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা সবাই একসঙ্গে কাজ করব।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, বিগত ১৭ বছর বা বিভিন্ন সরকারের আমলের মতো সরকারের হয়ে কাজ করার যে অভিযোগ দুদকের বিরুদ্ধে, তা থেকে বেরিয়ে আসাই এখন প্রধান লক্ষ্য। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নেই।

অপর এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, সার্চ কমিটি গঠন হয়েছে, দ্রুততম সময়েই কমিশনের গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি।

সুশাসনের জন্য দুর্নীতি নির্মূল করা প্রয়োজন উল্লেখ করে দুদক সচিব বলেন, দুদক সম্পর্কে নানা রকম রটনা রয়েছে, দুর্নাম রয়েছে। আমরা চাই এই দুর্নামগুলো দূর করে দিয়ে দুদককে কীভাবে আরও জনবান্ধব করা যায়। মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, আমাদের যে ইমেজ সংকট ছিল, সেটা যেন দূর করতে পারি। এই ব্যাপারে সততা ও নিষ্ঠা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই আমাদের অঙ্গীকার। একই সঙ্গে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি নির্মূল ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে।

গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। গতকাল রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত