সরকার কোনো জবাবদিহির আওতায় নেই : নাহিদ ইসলাম

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৬ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটা সরকার টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। অথচ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি নেই। দীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে কবে হয়েছে আমার জানা নেই। এটা করতে পারছে কারণ সরকার কোনো জবাবদিহির আওতায় নেই। ফলে আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে আওয়াজ আসা উচিত।

গতকাল রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এনসিপির তিন পার্বত্য জেলার উদ্যোগে ‘পাহাড়ে জুলাই : সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাহাড়ের সংকট নিয়ে নাহিদ ইসলাম বলেন, পাহাড়ের বঞ্চনার অবসান করতে হবে। পাহাড়ে ভিন্ন ধরনের চাঁদাবাজির কথা শুনতে পাই। আলাদা ধরনের সন্ত্রাস আছে। এ সবের সমাধান লাগবে। পাহাড় থেকে সমতল সর্বত্র জবাবদিহি নিশ্চিত করতে হবে।

পাহাড়ের দীর্ঘদিনের বঞ্চনা, নিপীড়নের রাজনৈতিক সমাধান দরকার উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত আলাপ-আলোচনা করে সমাধান বের করা। সামরিক কায়দায় পাহাড়ে খুব বেশি দিন খুব বেশি কিছু অর্জন করা যাবে। তাদের মূলধারায় নিয়ে আসতে হবে। যারা দ্বন্দ্ব জিইয়ে রেখে সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাই মিলে একটা সমাধানে এসে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে। পুরনোরা পারেনি, আমরা যারা নতুন আমাদের উদ্যোগ নিতে হবে।

৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রদায়িকতার নামে, ধর্মের নামে, সমাজের নামে দেশকে বিভাজিত করে রাখা হয়েছে। আমরা মনে করি, এ সব বিভাজন দূর করে, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জোবাইরুল হাসান আরিফসহ পার্বত্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত