চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ

আপডেট : ১৬ মে ২০২৬, ০৮:১৩ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের একাংশের মধ্যে চলছে তীব্র অসন্তোষ। কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনের বেশ ক’জন পরিচিত মুখ। দলের দায়িত্বশীলরা বলছেন, কাক্সিক্ষত পদ-পদবি না পেয়ে অনেকে মনঃক্ষুণœ হতে পারেন। তারপরও শৃঙ্খলা কমিটি নেতাকর্মীদের কাছ থেকে উঠে আসা অভিযোগ খতিয়ে দেখবে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে এনসিপির ফেসবুক ভেরিফায়েড আইডিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে দলের চট্টগ্রাম মহানগর শাখার ১৬৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আবুল হাসনাতের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এ কমিটি নিয়ে তাৎক্ষণিকভাবে বিরূপ প্রতিক্রিয়া দেখায় স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ।

দলের চট্টগ্রাম মহানগরীর প্রথম সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও নবঘোষিত আহ্বায়ক কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত রাফসানজানি রিয়াজের নেতৃত্বে বিক্ষুব্ধ অংশটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিকে ‘অর্থের বিনিময়ে পকেট কমিটি’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রাফসানজানি অভিযোগ করে বলেন, ‘আর্থিক লেনদেনের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা চট্টগ্রাম মহানগরে দলের সাংগঠনিক ভিত্তি ক্ষতিগ্রস্ত করবে।’

তিনি দেশ রূপান্তরকে জানান, ‘নতুন আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে থাকা ২৩ জন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।’ যেখানে ত্যাগীদের মূল্যায়ন নেই, যেখানে ধান্ধাবাজ, চাঁদাবাজ ও দলের বিপক্ষে বয়ান উৎপাদনকারীরা সম্মানিত হয় সেই দল কিংবা কমিটিতে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে রাফসানজানি বলেন, ‘কেন্দ্র যদি আমাদের অভিযোগ আমলে নিয়ে কমিটির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা দলের সঙ্গে আর নেই বলেই ধরে নেওয়া হবে।’ 

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস, যুগ্ম সদস্য সচিব মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবসার সাইবান, মোস্তফা রাশেদ আজগর, দপ্তর সম্পাদক রাফসানজানি রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বেলাল হোসেন, সদস্য মো. ওমর সাঈদ, তাহজীব চৌধুরী ও মোহাম্মদ ইমন। 

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি করা হয়েছে ছয় মাসের জন্য। এই সময়ের মধ্যে কমিটিকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা যেসব অভিযোগ ও আপত্তি তুলছেন সেগুলো খতিয়ে দেখা হবে।’

প্রসঙ্গত, ২০২৫ সালের ৯ আগস্ট মীর আরশাদুল হককে প্রধান সমন্বয়কারী করে গঠন করা হয়েছিল চট্টগ্রাম মহানগর এনসিপির ৩২ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি। এর চার মাসের মাথায় এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত