ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহাসিক ফারাক্কা দিবস (শনিবার) উপলক্ষে গতকাল শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। ভারত ওই বাঁধ নির্মাণ করেই অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করে। সেই বাঁধ এখনো চালু থাকায় এটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত এবং এলাকায় প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।
মির্জা ফখরুল বলেন, ১৬ মে বাংলাদেশের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নেয়। এর মাধ্যমে ভাসানী ভারত সরকারের কাছে প্রতিবাদ জানান এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। এরপর থেকেই প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে।
