বগুড়া

৪০ বছর আ.লীগ নেতার দখলে থাকা স্কুলের জমি উদ্ধার

আপডেট : ১৬ মে ২০২৬, ০৭:২৫ পিএম

বগুড়ায় দীর্ঘ চার দশক ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আজিজুল হকের দখলে থাকা শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধার হওয়া জমিটির বাজার মূল্য আনুমানিক প্রায় ২৫ কোটি টাকা বলে জানা গেছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে দখলকৃত জমির ওপর নির্মিত মার্কেটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। 

অভিযোগে জানা গেছে, দখলদারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকও ছিলেন। তার একার পক্ষে প্রায় ২০ শতক জমি দখলেই ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি উপেক্ষা করে বছরের পর বছর সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভোগদখল করেছেন তিনিসহ আরও কয়েকজন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কয়েকজন ব্যক্তি বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে আনেন। পরে তিনি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তদন্তে সরকারি জমি দখলের সত্যতা পাওয়া গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হওয়ার পর তদন্ত করে দখলের সত্যতা পাওয়া যায়। দীর্ঘ ৪০ বছর ধরে বিদ্যালয়ের জমিটি বেদখলে ছিল। অবশেষে প্রশাসনের উদ্যোগে তা উদ্ধার করা সম্ভব হয়েছে।

ছবি: প্রতিনিধি

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এটি ছিল শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পদ। প্রভাবশালী মহল জায়গাটি দখল করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছে। জমি উদ্ধার করে বিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, অবৈধ দখলমুক্ত করতে আমরা দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চেষ্টা করেও সফল পাইনি। অবশেষে জায়গাটি উদ্ধার হওয়ায় আমরা আনন্দিত।

তবে অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আজিজুল হকসহ অন্যান্যদের মোবাইল নম্বরে একাধিকবার মোবাইল নম্বরে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত