সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

আপডেট : ১৭ মে ২০২৬, ০২:২৪ এএম

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই। গত শুক্রবার রাত ২টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মিজানুর রহমান সিনহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে তাসনিম সিনহা। তিনি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। মিজানুর রহমান সিনহা ‘একমি’ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিএনপির মনোনয়নে তিনি ১৯৯৬ ও ২০০১ সালে মুন্সীগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালে তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও ২০২৫ সালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও তার অসুস্থতার কারণে প্রার্থিতায় পরিবর্তন আনে বিএনপি। 

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান। তার বাবা হামিদুর রহমান সিনহা বাংলাদেশের ওষুধ ব্যবসায়ের অন্যতম পথিকৃৎ ও শিল্পগোষ্ঠী একমির প্রতিষ্ঠাতা। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ ও ৩ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। মিজানুর রহমান সিনহা শৈশবে কলকাতায় বেড়ে ওঠেন। পরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৪ সালে তিনি হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তার বাবার মৃত্যুর পর ১৯৭৫ সালে বাবার প্রতিষ্ঠিত একমি গ্রুপে যোগ দেন। ১৯৮৩ সাল থেকে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন মিজানুর রহমান সিনহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত