রাষ্ট্রপতির যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদের ব্যাখ্যা বঙ্গভবনের

আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:০৬ এএম

চিকিৎসার জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের যুক্তরাজ্য সফর নিয়ে অতি সম্প্রতি কয়েকটি পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বাস্তবতাবিবর্জিত। প্রতিবেদনে রাষ্ট্রপতির সফরসঙ্গীর যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। তিনি জানান, প্রকৃত তথ্য হচ্ছে সরকারের কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে মহামান্য রাষ্ট্রপতির এই সফরে সরচেয়ে কমসংখ্যক নিরাপত্তাকর্মী ও বঙ্গভবনের কর্মকর্তা রয়েছেন।

দ্বিতীয়ত, যুক্তরাজ্য সফরকালে রাষ্ট্রপতিসহ পরিবারের পাঁচ সদস্যের মধ্যে দুজনের খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। তৃতীয়ত, সফরকালে বিলাসবহুল হোটেলে অবস্থানের বিষয়টিও সঠিক নয়। পূর্ববর্তী সরকার যুক্তরাজ্য সফরকালীন তুলনায় রাষ্ট্রপতি ও তার  সফরসঙ্গীরা অপেক্ষাকৃত অনেক কম খরচের হোটেল ছিলেন। তারা পাঁচ তারকা হোটেলের খাবার খেলেও  রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা কৃচ্ছ্রতা সাধনের জন্য বাংলাদেশি রেস্তোরাঁর সাধারণ খাবার খেয়েছেন। এ ছাড়া লন্ডনে কোনো ধরনের শপিং নয়; বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সীমিত দূরত্বে যাতায়াত করেছেন। যাতায়াতের জন্য প্রচলিত নিয়মেই সীমিত সংখ্যক সাধারণ গাড়ির ব্যবস্থা করেছে হাইকমিশন। এখানে  বিলাসবহুল বা বাড়তি কোনো আয়োজন ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত