রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাসা থেকে মাথাবিহীন সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে মুগদা মান্ডার ওই বাড়ির বেজমেন্ট থেকে খ-িত লাশ উদ্ধার করা হয়। তবে লাশটি কার, তা শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি লাশের বয়সও জানা যায়নি। পুলিশ টুকরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে মান্ডা প্রথম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে লাশ উদ্ধার করা হয়। মরদেহটি সাতটি টুকরা করা। মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর টুকরা টুকরা করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজমেন্টে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে।
