‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।
তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা সংগ্রহসহ বিভিন্ন ধরনের ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে।
মঙ্গলবার (১৯ মে) ফিতা কেটে ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
উদ্বোধন শেষে বেলা ১টায় উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. জিয়াউল হক এবং ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ।
পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে এই তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি যোগদানের পর গত ৯ মাসে নামজারি, ভূমি উন্নয়ন কর এবং বিভিন্ন খাত থেকে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, ভূমি সেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমি সেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত সময়ে অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা।
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক