যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২৬, ০৬:৫০ পিএম

নীলফামারীতে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার অভিযোগে মামলার প্রধান আসামি স্বামী মো. আলামিনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ মে ভিকটিম সাদিয়া আক্তারের সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদহ দক্ষিণপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আলামিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলামিন ও তার পরিবারের সদস্যরা সাদিয়ার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু সাদিয়ার মা একজন দরিদ্র বিধবা হওয়ায় দাবিকৃত টাকা দিতে পারেননি। যৌতুকের টাকা না পেয়ে আলামিন প্রায়ই সাদিয়ার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা হলেও আসামিরা যৌতুকের দাবিতে অনড় ছিলেন।

সাদিয়া ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এ নিয়ে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রাতে পুনরায় যৌতুকের টাকা দাবি করা হলে একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে একপর্যায়ে আলামিন বাঁশের লাঠি দিয়ে সাদিয়াকে এলোপাতাড়ি মারধর করেন। পরে অন্য আসামিদের সহযোগিতায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর আলা-মিন মোবাইল ফোনে সাধিয়ার মাকে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে। এরপর তিনি অন্যান্য আসামিদের নিয়ে পালিয়ে যান। পরে সাধিয়ার মা প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে সাধিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

এ ঘটনায় গত ২ মার্চ সাধিয়ার মা মোছা. হাসি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০ ধারায় নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৫।

ঘটনাটি মর্মান্তিক হওয়ায় আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারই বৃদ্ধি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মে) রাত সোয়া ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বড়-ডাঙ্গা জারার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আলা-মিনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে যৌতুকের দাবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলা প্রধান আসামি মো. আলামিনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত