বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৮২ বিলিয়ন ডলার

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৪৬ এএম

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রস হিসাবে রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ লাখ ২৭ হাজার কোটি টাকা। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ (ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল-৬) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার বা প্রায় ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা সব ধরনের বৈদেশিক মুদ্রা সম্পদ অন্তর্ভুক্ত থাকে। তবে বিপিএম-৬ পদ্ধতিতে সহজে ব্যবহারযোগ্য নয়, এমন কিছু সম্পদ বাদ দিয়ে রিজার্ভ হিসাব করা হয়। এ কারণে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ গ্রস রিজার্ভের তুলনায় কম দেখা যায়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয় প্রবাহ অব্যাহত থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে আমদানি ব্যয় ও বৈদেশিক দায় পরিশোধের সক্ষমতা মূল্যায়নে বিপিএম-৬ ভিত্তিক রিজার্ভকে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ভিত্তিক রিজার্ভ ৩০ দশমিক ১৬ বিলিয়ন ডলারে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত