আমদানি করা হবে ৫ কার্গো এনএনজি

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৪৬ এএম

সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে ৫ কার্গো এনএনজি আমদানিসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। গতকাল বুধবার সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে জি-টু-জি-এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ডের ‘সসার ট্রেডিং এসএ’ থেকে দুই কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে এতে মোট কত টাকা ব্যয় হবে তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

অন্য একটি প্রস্তাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো (চলতি বছরের ২৬, ২৭ ও ২৮তম) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরের ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে একটি এবং যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে ২ কার্গো এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে বেজা কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রামের মীরসরাইয়ে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ‘কনস্ট্রাকশন অব ক্যানেল ডেভেলপমেন্ট অ্যান্ড লাইনিং, ইনক্লুডিং ওয়াকওয়ে’ নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘মনিকো লিমিটেড’। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৯২ লাখ টাকা।

বৈঠকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নীলামারী জেলার ২৬টি এবং হবিগঞ্জ জেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ নির্মাণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলার কাজটি করবে যৌথভাবে ‘বিডিই লিমিটেড’ ও ‘ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট)লিমিটেড’। এতে ব্যয় হবে ১৮৬ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত