নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে একটি কীটনাশকের রিটেইলার পয়েন্ট থেকে সিঁধ কেটে প্রায় ৩ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে অবস্থিত সিনজেনটার রিটেইলার পয়েন্টের স্বত্বাধিকারী রাম প্রসাদ মোর এর দোকান থেকে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক রাম প্রসাদ মোর অভিযোগ করেন, দুর্বৃত্তরা দোকানের পেছনের দিক থেকে রাতের আঁধারের কোনো এক সময় সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে গেছে। তিনি আরও জানান, সকালে দোকানের পাশের বসতবাড়িতে রাজমিস্ত্রিদের কাজ চলছিল। এ সময় দোকানের পেছনে কীটনাশকের কার্টন ও কিছু মালামাল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানের পেছনের দেয়ালে সিঁধ কাটা হয়েছে।
সেখানেই বিভিন্ন লোহা জাতীয় চুরির জিনিসপত্রও পড়ে ছিল। এরপর দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, র্যাকে সাজানো বিভিন্ন ধরনের ৩০ কার্টন কীটনাশক চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে মালঞ্চি বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা বিস্তারিতভাবে যাচাই করতে দোকান মালিককে বলা হয়েছে।
