তিন জেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ছেলেসহ নিহত ৫ 

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ এএম

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আইন উদ্দিন (৫০) এবং তার ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভাদেশ্বর গ্রামে আইন উদ্দিনের নির্মাণাধীন একটি বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় আইন উদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়া বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ওসি ইকতার মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মেহেরা খাতুন (৫০) এবং তার স্ত্রী খালেদা আক্তার (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেহেরা খাতুন ও খালেদা আক্তার বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় গোয়ালঘরের একটি খোলা বৈদ্যুতিক তার জানালার গ্রিলে লেগে থাকায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে হাওলাদার বাড়িতে অটোরিকশার চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শহিদুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শহিদুল ইসলাম খান উপজেলার মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত