সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। আর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক এমডি কাজি শায়রুল হাসানকে।
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও চেয়ারম্যান কাজি শায়রুল হাসানকে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়াহভিত্তিক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে এই ব্যাংক গঠিত হয়েছে।
এই ব্যাংক ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমানো টাকার বিপরীতে শেয়ার দেওয়া হয়। গত বছরের ৩০ নভেম্বর এই ব্যাংকের অনুমোদন দেওয়া হয়।
নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের নিয়োগ সংক্রান্ত চিঠি বাংলাদেশ ব্যাংক পেয়েছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক অনুমোদনের বাকি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে বলেন, ব্যাংকটির সুশাসন, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করাই হবে আমার প্রধান চ্যালেঞ্জ।
উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের যষ্ঠ সভা আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।