চিকিৎসার অপেক্ষায় ১৬ হাজার ফিলিস্তিনি, বাধা ইসরায়েলের

আপডেট : ১০ জুন ২০২৬, ০৮:৫১ এএম

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, প্রায় ১৬ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনিকে জরুরি চিকিৎসার জন্য বিদেশে যেতে গাজা উপত্যকা ছাড়ার অনুমতি দিচ্ছে না ইসরায়েল। মঙ্গলবার (৯ জুন) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, চিকিৎসা নিতে বাধা ও দীর্ঘসূত্রতার মাধ্যমে রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবিক সংস্থার অভিযোগ, ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস করেছে, ফলে অঞ্চলটি বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

গাজার কর্মকর্তারা জানান, চিকিৎসার জন্য উপত্যকার বাইরে যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে গাজা-মিসর সীমান্তের রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়া হলেও পরে কয়েক দফায় তা আবার বন্ধ করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডারসেক্রেটারি মাহের শামিয়া বলেন, সপ্তাহে মাত্র তিন দিন সীমিত সংখ্যক মানুষকে রাফাহ ক্রসিং ব্যবহার করে গাজা ছাড়ার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসার জন্য রোগী সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কারেম আবু সালেম ক্রসিং সপ্তাহে মাত্র এক দিন খোলা রাখা হচ্ছে।

তিনি বলেন, 'রোগীদের গাজা ছাড়ার প্রধান পথ রাফাহ সীমান্ত ক্রসিং কার্যত বন্ধ রাখার কারণে সৃষ্ট এই সংকটের পূর্ণ দায় ইসরায়েলের।'

মাহের শামিয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান, যাতে ফিলিস্তিনিরা অবাধে গাজা থেকে বের হতে ও ফিরে আসতে পারেন।

তিনি আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য খাত পুনর্গঠন করা গেলে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা গাজার ভেতরেই সম্ভব হতো।

এদিকে চলমান সংঘাত, ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে গাজায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে। প্রায় ৯০ শতাংশ মানুষ এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে এবং অধিকাংশই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার ইসরায়েলের প্রতি অবিলম্বে গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জরুরি মানবিক সহায়তা দ্রুত, নিরাপদ ও বাধাহীনভাবে গাজায় পৌঁছানো নিশ্চিত করতে সব প্রবেশপথ খুলে দেওয়া প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত