আজাদ কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩০

আপডেট : ১১ জুন ২০২৬, ০২:৫১ এএম

নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাওয়ালকোট। সরকার-বিরোধী এই বিক্ষোভে দমনাভিযানে বেশকিছু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। গত কয়েক দিনের এই বিক্ষোভ-সংঘর্ষে ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০০ জন আহত হয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, সংঘর্ষে নিহতের সংখ্যা ১১ এবং আহত হয়েছে ৭০ জন।

আজাদ কাশ্মীরে বাড়তে থাকা মূল্যস্ফীতি, বিদ্যুতে শুল্ক, বেকারত্ব এবং রাজনীতিতে আরও বেশি প্রতিনিধিত্বের দাবি নিয়ে প্রতিবাদে সরব হয় সেখানকার নাগরিক সংগঠন ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। এই সংগঠনকে গত সপ্তাহে কর্র্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষণা করার পরই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। গত শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সংঘর্ষ শুরু হয়। ওই অঞ্চলের পুঞ্চ সেক্টরের কমিশনার সর্দার ওয়াহিদ খান বিক্ষোভ দমনাভিযান চলাকালে একাধিক জনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর কর্র্তৃপক্ষ ফেডারেল প্যারামিলিটারি পুলিশ মোতায়েন করে এবং কড়া বিধি-নিষেধ দিয়ে ভ্রমণ নির্দেশিকা জারি করে। রাওয়ালকোটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তল্লাশি অভিযান চলছে। অঞ্চলটির কিছু অংশে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত