পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন ও টাইলস তৈরির অভিনব উদ্ভাবন দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের এই সৃজনশীল কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সাজ্জাদুল ইসলাম তার উদ্ভাবিত বিভিন্ন পণ্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহের সঙ্গে এই তরুণ উদ্ভাবকের কার্যক্রম সম্পর্কে অবগত হন।
এ সময় সাজ্জাদুল ইসলাম জানান, তিনি ফেলে দেওয়া পচা ও পরিত্যক্ত সবজি প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। এ ছাড়া কলাগাছের তন্তু ব্যবহার করে টেকসই ও সাশ্রয়ী ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির সফল পদ্ধতিও তিনি উদ্ভাবন করেছেন। সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি এসব পরিবেশবান্ধব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের তরুণদের এমন উদ্ভাবনী শক্তি বাংলাদেশের আগামীর সমৃদ্ধির ভিত্তি। প্রধানমন্ত্রী সাজ্জাদুলের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তাকে বিশেষভাবে উৎসাহিত করেন এবং তার এই উদ্ভাবনগুলোকে বাণিজ্যিকভাবে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সাজ্জাদুলের এমন উদ্ভাবন পরিবেশ রক্ষায় এবং দেশীয় শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এই তরুণ উদ্ভাবকের পাশে দাঁড়ানোয় তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
বিআরটি প্রকল্প নিয়ে সভা প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘মায়ের ডাক’-এর সদস্যদের সাক্ষাৎ : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে তারা এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
জাহিদুল ইসলাম রনি জানান, এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নতুন অর্থবছরের (২০২৬-২৭) বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মায়ের ডাকের সদস্যরা। দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলতি অধিবেশনের বৈঠক রাত ৮টায় শেষ হয়।