বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি এমন হয়, এই সংসদ আর যথার্থতা, ন্যায়সঙ্গত রাখে না; সেই সংসদে এক সেকেন্ডও থাকার দরকার নেই। সংসদ জনগণের জন্য। জনগণের প্রয়োজনে আসবে না, এমন সংসদে আমাদের থাকার দরকার নেই। আমরা সরকারকে সময় দিতে চাই। সদিচ্ছার পরিচয় প্রথমে দুই নম্বরটা চাচ্ছি না। প্রথমে চাঁদাবাজিটা বন্ধ করেন। সারা দেশে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের জীবনে তিন ভাগের এক ভাগ শান্তি ফিরে আসবে।
গতকাল শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের পুরাতন কাচারী এলাকায় পার্টি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত বার্ষিক রুকন সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা অঞ্চল দক্ষিণ জামায়াতের পরিচালক সাইফুল আলম খান মিলন। জেলা জামায়াতের আমির আ. জ. ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক এ বি এম ফজলুল করিম, মুন্সীগঞ্জ পৌর জামায়াতের আমির এ এস এম বায়েজিদ প্রমুখ।
জামায়াত আমির বলেন, আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে। ৫০-৬০ আইটেমে কর কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাজারে কোনো নিত্যপণ্যের দাম কমেনি। বাজেটে অনেক কর ছাড় দিয়েও যদি জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন বা স্বস্তি না আসে, তাহলে এর বেনিফিট কে নিচ্ছে। আমরা চাই ব্যবসায়ীরাও বাঁচুক, জনগণও বাঁচুক।
এর আগে সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াত নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। দলীয় নেতা-ক্যাডারদের প্রশাসক হিসেবে বসিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি। চাঁদাবাজরা তাদের ভালো থাকতে দিচ্ছে না।
মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ।
সম্মেলন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান।